অস্ট্রেলিয়ার সহজ জয়
অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার মাত্র ১৬.১ ওভারে ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়ে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ওয়ার্নার কেমন খেলেন, সে দিকেই নজর ছিল সকলের। তবে ওয়ার্নার নন, উদ্বোধনী জুটিতে বেশি আক্রমণাত্মক ছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরু থেকেই আফগান বোলারদের মেরে খেলেছেন, স্পিন দিয়ে রানের চাকা চেপে ধরার পরিকল্পনাও ভেস্তে দিয়েছেন।
স্পিনারদের সহজে খেললেও পেসার হামিদ হাসান ঘণ্টায় ১৪০ কিলোমিটার বল করে বেশ ভালোই ভুগিয়েছেন দুই ওপেনারকে। ৪ ওভারের প্রথম স্পেলে মাত্র ১০ রান দিয়েছেন হামিদ। এদিকে ১৭তম ওভারে গুলবদিন নাইবের স্লোয়ার উড়িয়ে মারতে গিয়ে ডিপ কভারে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬৬ রানে। ৬টি চারের পাশাপাশি মেরেছেন ৪টি বিশাল ছয়ও।
সে তুলনায় একেবারেই ঠান্ডা মাথায় এগিয়েছেন ওয়ার্নার। ব্যাট করতে নামার সময় ইংলিশ সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আজও, তবে নিজের কাজে ঠিকই সফল এই বাঁহাতি। এক প্রান্ত আগলে রেখে দলকে নিয়ে এনে দিয়েছেন সহজ জয়। ১১৪ বলে ৮৯ রান নিয়ে অপরাজিত ছিলেন ওয়ার্নার।

No comments